খাবারে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু, ৩ দিন থাকবেন বিশ্রামে

‘আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি। তবে বাসায় থেকেই দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।’

নয়া দিগন্ত অনলাইন
বেনিয়ামিন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু |রয়টার্স

খাবারে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হলেও তিন দিন থাকবেন বিশ্রামে।

রোববার (২০ জুলাই) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি। তবে বাসায় থেকেই দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

নেতানিয়াহুর কার্যালয় আরো বলেছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। এজন্য তাকে রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ দেয়া হচ্ছে।

২০২৩ সালে ইসরাইলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেটও অপসারণ করেন চিকিৎসকরা। রয়টার্স