জনগণের ঐক্যই শত্রুর সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের জনগণের ব্যাপক ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতাই ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে শত্রুদের সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান |ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের জনগণের ব্যাপক ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতাই ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে শত্রুদের সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে পেজেশকিয়ান সাম্প্রতিক ঘটনাবলি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া, ১২ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক অস্থিরতাকে কেন্দ্র করে শত্রুরা দ্রুত ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিল। এরপর বিভিন্ন সামরিক ও রাজনৈতিক চাপ আরো বাড়ানো হয়। তবে সরকার ও জনগণ একসাথে থাকলে কোনো শক্তিই ইরানকে দুর্বল করতে পারবে না।

পেজেশকিয়ান বলেন, জনগণকে অসন্তুষ্ট করে বিক্ষোভের দিকে ঠেলে দেয়াই ছিল শত্রুদের অন্যতম লক্ষ্য। কিন্তু ইরানের জনগণ ধৈর্যশীল ও সচেতন। তারা দেশের ভবিষ্যৎ ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে পাশে রয়েছে।

তিনি মানবাধিকার প্রসঙ্গে বলেন, বেসামরিক মানুষ ও শিশুদের ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই এবং এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক জনমতেও নেতিবাচক প্রভাব ফেলে।

পাশাপাশি পেজেশকিয়ান দাবি করেন, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, বিজ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানোও ইরানের বিরুদ্ধে পরিচালিত চাপের অংশ।

তিনি উত্তেজনা মোকাবেলায় দেশের সর্বোচ্চ নেতৃত্বের সমর্থনের ভূয়সী প্রশংসা করেন।

পেজেশকিয়ান বলেন, তার দৃষ্টিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনি নৈতিকতা, যুক্তিবোধ ও বিনয়ের দিক থেকে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তার সাথে আলোচনার অভিজ্ঞতায় তিনি সবসময় আন্তরিকতা, সদাচরণ ও যুক্তিনির্ভর আচরণ দেখেছেন।

সূত্র: পার্সটুডে