ইরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলেছে, নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অর্জন করতে পারবে না। শুক্রবার (২৯ মে) পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এ মন্তব্য করে।
সংস্থাটি এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেছে, ‘যে দেশের রাষ্ট্রপতি জলদস্যুতা নিয়ে গর্ব করেন’, সে দেশের দ্বারা লক্ষ্যবস্তু হওয়াটা তাদের ইতিবাচক কর্মক্ষমতারই একটি লক্ষণ।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটি লিখেছে, ‘আপনারা সামরিক উপায় ও কূটনীতির মাধ্যমে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছেন এবং নিষেধাজ্ঞার মাধ্যমেও তা অর্জন করতে পারবেন না।’
সংস্থাটি আরো বলেছে, পারস্য ও ওমান উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও তারা নিরবচ্ছিন্নভাবে ট্রানজিট অনুরোধ পর্যালোচনা এবং অ-শত্রুভাবাপন্ন জাহাজগুলোকে যাতায়াতের অনুমতি প্রদান অব্যাহত রেখেছে।
এর আগে, গত বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
যুক্তরাষ্ট্র বলেছে, সংস্থাটি কৌশলগত এই পানিপথ দিয়ে নিরাপদ যাতায়াতের বিনিময়ে জাহাজগুলোকে অবৈধ টোল দিতে এবং সংবেদনশীল তথ্য জমা দিতে বাধ্য করে এবং অভিযোগ রয়েছে যে, এই অর্থ সরাসরি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কাছে পাঠানো হয়।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



