গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় অনির্ধারিত বৈঠকটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। সেখানে কোনো গণমাধ্যমকর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি।
বৈঠকটি তখনই হয়েছিল, যখন ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগে, সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় তারা বেশ কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর নেতানিয়াহুর তৃতীয় মার্কিন সফর এটি।
মঙ্গলবার আলোচনার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি নেতানিয়াহুর সাথে গাজা নিয়ে ‘প্রায় একচেটিয়াভাবে’ কথা বলবেন।
তিনি বলেন, ‘আমাদের এটি সমাধান করতে হবে। গাজা- এটি একটি ট্র্যাজেডি এবং তিনি এটি সমাধান করতে চান এবং আমি এটি সমাধান করতে চাই। আমার মনে হয় অন্য পক্ষও তা চায়।’
দ্বিতীয় বৈঠক নিয়ে ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি মাইক হান্না বলেন, সর্বশেষ আলোচনা থেকে ‘খুব কম তথ্য’ জানা গেছে। তাই ঠিক কী আলোচনা হয়েছে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।
সূত্র : আল জাজিরা



