গাজায় যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় নিহত ৩৫৭

এছাড়াও ইসরাইলি বাহিনী ৩৮ জনকে বিনা বিচারে আটক করেছে এবং ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৯০৩ জন আহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের বেশিভাগই নারী ও শিশু। এছাড়াও ইসরাইলি বাহিনী ৩৮ জনকে বিনা বিচারে আটক করেছে এবং ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক এবং তাদের বাড়িঘর ও তাঁবুর ওপর সরাসরি গুলি চালানো, বোমাবর্ষণ এবং বাড়িঘর ধ্বংস করা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতি সত্ত্বেও বারবার ইসরাইলি হামলা ধ্বংসাত্মক কর্মকাণ্ড বৃদ্ধি এবং জনগণকে সম্মিলিতভাবে শাস্তি দেয়ার উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক অপরাধ গঠন করে, যা জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘনের শামিল।’

ইসরাইলি হামলা বন্ধে এবং তেল আবিবকে চুক্তি সম্পূর্ণরূপে মেনে চলতে বাধ্য করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মধ্যস্থতাকারী এবং জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

তুরস্ক, মিসর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সমর্থিত এই যুদ্ধবিরতি চুক্তি গত ১০ অক্টোবর কার্যকর হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিভাগই নারী ও শিশু।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরাইলি পণবন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনায় গাজার পুনর্নির্মাণ ও হামাস ছাড়াই একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি