কারাগারে স্বাস্থ্য সঙ্কট, হাসপাতালে ভর্তি নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

পরিবারের আশঙ্কা, সুচিকিৎসা প্রদানে বিলম্ব শেষ পর্যন্ত অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি |ছবি : এপি

ইরানের কারাবন্দী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদির স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে কারাগার থেকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২ মে) তার ফাউন্ডেশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে বন্দী থাকা অবস্থায় মোহাম্মদি দুইবার জ্ঞান হারান। তার আইনজীবীদের ধারণা, গত মার্চের শেষ দিকে তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার তার রক্তচাপ মারাত্মকভাবে ওঠানামা করায় এবং তীব্র হৃদযন্ত্রের সঙ্কট দেখা দেয়ায় তাকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ফাউন্ডেশনটি দাবি করেছে, গত ১২ ডিসেম্বর গ্রেফতারের পর থেকে দীর্ঘ ১৪০ দিন তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে। কারাগারের চিকিৎসকরা বর্তমান পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার পরই তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। মোহাম্মদির পরিবার এবং আইনজীবীরা আগে থেকেই তাকে তেহরানের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন, যা কর্তৃপক্ষ বারবার প্রত্যাখ্যান করেছে।

নরওয়েতে বসবাসরত মোহাম্মদির ভাই হামিদরেজা মোহাম্মদি অভিযোগ করে বলেন, ‘আমার পরিবার নার্গিসের জীবনের জন্য লড়াই করছে, কিন্তু স্থানীয় প্রসিকিউটররা প্রতিটি পদক্ষেপে বাধা দিচ্ছেন।’ পরিবারের আশঙ্কা, সুচিকিৎসা প্রদানে বিলম্ব শেষ পর্যন্ত অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।

উল্লেখ্য, ৫৩ বছর বয়সী এই মানবাধিকার আইনজীবী ২০২৩ সালে কারাগারে থাকা অবস্থায় নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। ইরানের কঠোর হিজাব আইন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। বর্তমানে তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে দীর্ঘমেয়াদী সাজা ভোগ করছেন।

সূত্র : এপি