ন্যাটো প্রধানের মন্তব্যের নিন্দা তেহরানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল পরিচালিত যুদ্ধে ন্যাটোর ভূমিকা নিয়ে মন্তব্যের জেরে সামরিক জোটটির বিরুদ্ধে ‘যুদ্ধের সহযোগী’ হওয়ার অভিযোগ তুলেছে তেহরান।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা হাতে নিয়ে জনগণ
ইরানের পতাকা হাতে নিয়ে জনগণ |সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল পরিচালিত যুদ্ধে ন্যাটোর ভূমিকা নিয়ে মন্তব্যের জেরে সামরিক জোটটির বিরুদ্ধে বৃহস্পতিবার (২৫ জুন) ‘যুদ্ধের সহযোগী’ হওয়ার অভিযোগ তুলেছে তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর সমর্থন না পাওয়ার অভিযোগ করার পর, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ফক্স নিউজকে বলেন, ইতালিতে অবস্থিত ঘাঁটি থেকে কয়েক শত মার্কিন যুদ্ধবিমান উড্ডয়ন করে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ন্যাটো মিত্রদের সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা গেছে। মধ্যপ্রাচ্যের এই সঙ্ঘাতের প্রয়োজনীয়তা নিয়েও জোটের কয়েকটি দেশ সংশয় প্রকাশ করেছে।

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নাম উল্লেখ করে রুটে বলেন, ‘একটির পর একটি দেশ, একটির পর একটি মিত্র রাষ্ট্র ‘এপিক ফিউরি’ অভিযানের জন্য তাদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এপিক ফিউরিকে সমর্থন দিতে ইতালিতে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৫০০টি মার্কিন বিমান উড্ডয়ন করেছিল।’

এর আগে বুধবার ট্রাম্প রুটেকে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে তার যুদ্ধে সমর্থন না দেয়ায়, জোটের কয়েকটি সদস্য দেশের আচরণে তিনি ‘হতাশ’ হয়েছেন।

রুটে ফক্স নিউজকে জানান, ইরান যুদ্ধ চলাকালে রোমানিয়া বাণিজ্যিক বিমান চলাচল সীমিত ও কিছু বিমান চলাচল বন্ধ রেখেছিল। কারণ বিমানবন্দরগুলোকে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের কাজে ব্যবহার করতে হয়েছিল।

ন্যাটো প্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ‘অবৈধ যুদ্ধে সক্রিয় সহযোগিতার’ এই স্বীকারোক্তির নিন্দা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে বাকাই লিখেছেন, ‘এটি জাতিসঙ্ঘের সদস্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত অবৈধ আগ্রাসী যুদ্ধে ন্যাটোর সক্রিয় সম্পৃক্ততার স্পষ্ট ও নিন্দনীয় স্বীকারোক্তি।’

তিনি ন্যাটোর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বিধান ও জাতিসঙ্ঘ সনদের মৌলিক নীতিমালার ‘স্পষ্ট লঙ্ঘনের’ অভিযোগও তোলেন।

এদিকে রুটে’র মন্তব্য থেকে দ্রুত নিজেদের দূরে সরিয়ে নেয় ইতালি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অনুমোদিত ফ্লাইটের ধরণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে তার বক্তব্য ‘সম্পূর্ণ ভুল’ বার্তা দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান চুক্তির আওতায় ‘এপিক ফিউরি’ চলাকালে ইতালি শুধুমাত্র মার্কিন বাহিনীর ‘কারিগরি ও সরবরাহ সংক্রান্ত’ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল।

সূত্র: বাসস