যুদ্ধবিরতি ভেঙেই লেবাননের বুফোর্দ দুর্গ দখল করল ইসরাইলি সেনারা

বুফোর্দ দুর্গটি প্রায় নয় শ’ বছরের পুরনো। এ ঐতিহাসিক দুর্গটি স্থানীয়ভাবে ‘কালাত আশ-শাকিফ’ নামে পরিচিত।

নয়া দিগন্ত অনলাইন
বুফোর্দ দুর্গ
বুফোর্দ দুর্গ |ইন্টারনেট

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করে ঐতিহাসিক বুফোর্দ দুর্গ এবং এর কৌশলগত পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ছয় সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি ঘোষণার পর, ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে এটি ইসরাইলের একটি বড় ধরনের অগ্রগতি। মূলত শনিবার উত্তর ইসরাইল লক্ষ্য করে হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো তীব্র রকেট হামলার পরেই এই অভিযান চালানো হয়। হিজবুল্লাহর ওই হামলার কারণে উত্তর ইসরাইলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ নানা বিধিনিষেধ জারি করতে হয়েছিল।

উল্লেখ্য, বুফোর্দ দুর্গটি প্রায় নয় শ’ বছরের পুরনো। এ ঐতিহাসিক দুর্গটি স্থানীয়ভাবে ‘কালাত আশ-শাকিফ’ নামে পরিচিত। এই মধ্যযুগীয় দুর্গ ও পাহাড়ি এলাকাটি দখলে নেয়ার ফলে লেবাননে ইসরাইলের অবস্থান আরো শক্তিশালী হলো।

কৌশলগত পাহাড় ও প্রাচীন দুর্গের নিয়ন্ত্রণ

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল বুফোর্দ দুর্গ এবং ওয়াদি আল-সালুকি অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া। এর পাশাপাশি সেখানে ইরানের নির্দেশনায় গড়ে ওঠা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেয়া।

এই অভিযানে একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে লেবানন বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুদ্ধবিরতির মাঝেও সচল যুদ্ধক্ষেত্র

ইরান যুদ্ধের অংশ হিসেবে একটি যুদ্ধবিরতি চললেও, ইসরাইল-হিজবুল্লাহর এ সীমান্ত যুদ্ধক্ষেত্রটি এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে। গত ২ মার্চ ইরান যুদ্ধ শুরু হওয়ার ঠিক পর পরই হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইসরাইলের বিরুদ্ধে ড্রোন ও রকেট হামলা চালিয়ে এই লড়াইয়ে জড়িয়ে পড়ে। এরপর থেকেই ইসরাইল তাদের উত্তর সীমান্ত থেকে এই সশস্ত্র বাহিনীকে হটিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে আসছে।

হামলার মূল ঘাঁটিতে ইসরাইলি সেনা

বুফোর্দ দুর্গটি দখলে নেয়ায় ইসরাইলি সেনারা এখন দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরাইলের একটি বিস্তীর্ণ এলাকার ওপর নজর রাখার সুবিধা পাবে, যেখান থেকে এতদিন ইসরাইলের আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হতো।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এই পাহাড়ি এলাকা থেকে হিজবুল্লাহ অসংখ্য হামলা চালিয়েছে এবং সেখান থেকে বেসামরিক নাগরিক ও ইসরাইলি সেনাদের লক্ষ্য করে শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

বর্তমানে ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অন্যতম প্রধান ঘাঁটি নাবাতিয়াহর কাছাকাছি এলাকায় তৎপর রয়েছে।