ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করতে গাজায় স্থানীয় সশস্ত্র মিলিশিয়া প্রতিষ্ঠা করছে ইসরাইল। শনিবার (২০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেই গাজা উপত্যকাকে ঘিরে নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছে ইসরাইল। নতুন পরিকল্পনায় তারা একটি অভূতপূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। তারা উপত্যকা থেকে কিছু সশস্ত্র মিলিশিয়া প্রতিষ্ঠা করতে চায়, যারা ইসরাইলি বাহিনী ও শিনবেটের হয়ে গাজায় কাজ করবে।
ইসরাইল বাইতুনা পার্টির প্রধান আভিগদোর লিবারম্যান পাবলিক ব্রডকাস্টার কানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যক্ষ নির্দেশে গাজায় এই সশস্ত্র মিলিশিয়া গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। এই বিষয়ে তিনি এতটাই দৃঢ়প্রতিজ্ঞ যে এর অনুমোদন নেয়ার জন্য যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদেও বিষয়টি উত্থাপন করার দরকার মনে করেননি।
তিনি আরো বলেন, এই মিলিশিয়া প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো হামাস ও অন্যান্য প্রতিরোধ আন্দোলনকে মোকাবেলা করা। ইতোমধ্যে কমপক্ষে তিনটি মিলিশিয়া গ্রুপকে অস্ত্র ও অর্থ দেয়া হয়েছে। তারা উপত্যকার রাজনৈতিক ও নিরাপত্তামূলক শূন্যতা পূরণ করবে। একইসাথে তারা হামাস ও ইসলামিক জিহাদের সাথে যুক্তদের অনুসরণ করবে।
পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, এই মিলিশিয়া গ্রুপগুলোকে ইসরাইলি কোনো অস্ত্র দেয়া হবে না। বরং হামাস ও হিজবুল্লাহর যেসব অস্ত্র ইসরাইলি বাহিনীর হাতে এসেছে, সেগুলোকেই দেয়া হবে।
সূত্রটি আরো জানিয়েছে, এসব মিলিশিয়াতে যারা কাজ করবে, তাদেরকে মাসিক বেতন দেয়া হবে এবং তাদেরকে অস্ত্র বহনেরও অনুমতি দেয়া হবে, যেন তারা নিজেদের পরিচয় গোপন রেখে ইসরাইলি বাহিনীর স্বার্থ সিদ্ধি করতে পারে।
এই মিলিশিয়াদের কেন্দ্রীয় দল হিসেবে ইয়াসির আবু শাবাবের দলকে বিবেচনা করা হচ্ছে, যারা ইতোমধ্যে পূর্ব রাফায় নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছে এবং ইসরাইলি বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় কাজ করছে। এছাড়া আরো বেশ কয়েকটি দল গঠন করা হবে, যাদের কর্মী সংগ্রহ করা হচ্ছে ফিলিস্তিনি কতৃপক্ষের ক্ষমতাসীন দল ফাতাহ থেকে।
ইসরাইলি গণমাধ্যম বলছে, এসব দলের মূল কাজ থাকবে গোয়েন্দা তথ্যের আদান-প্রদান, হামাস ও ইসলামি জিহাদের যোদ্ধাদের আনাগোনা কম, এমন স্থানগুলো চিহ্নিত করা এবং উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরাইলি বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখা।
সূত্র : আল জাজিরা



