ফিলিস্তিন পরিস্থিতি না বদলালে ‘নতুন বিস্ফোরণ’ হতে পারে : আরব লীগ

ফাহমি বলেন, ৭ অক্টোবরের হামলার আগেই ইসরাইল জানত যে পরিস্থিতি অনিবার্যভাবেই একটি বিস্ফোরণের দিকে এগোচ্ছিল।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজার একটি দৃশ্য
ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজার একটি দৃশ্য |সংগৃহীত

আরব লীগ মহাসচিব নাবিল ফাহমি বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও গাজার পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে মধ্যপ্রাচ্যে আবারো ‘নতুন বিস্ফোরণ’ ঘটতে পারে। একই সঙ্গে তিনি বলেন, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করায় গাজায় চুক্তিটি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে। তবে ফিলিস্তিনিরা চুক্তিটি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফাহমি রোববার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। ফাহমি বলেন, ৭ অক্টোবরের হামলার আগেই ইসরাইল জানত যে পরিস্থিতি অনিবার্যভাবেই একটি বিস্ফোরণের দিকে এগোচ্ছিল।

তিনি বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণে এর বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তবে ফিলিস্তিনিরা চুক্তিটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।

ফাহমির মতে, বর্তমান পরিস্থিতিতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন আগের চেয়ে ‘আরো কঠিন হয়ে গেছে’। ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু এরপরও ইসরাইল অন্তত ১ হাজার ৩৬৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

ইরানকে নীতি বদলানোর আহ্বান

আল জাজিরাকে দেয়া একই সাক্ষাৎকারে আরব লীগ মহাসচিব ইরানের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের সংঘাত সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। বরং ‘সংকট চলতেই থাকবে’ বলে সতর্ক করেন তিনি।

ফাহমি বলেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরব দেশগুলোর ‘স্পষ্ট ভিত্তি তৈরি করা’ প্রয়োজন। একই সঙ্গে তিনি তেহরানকে ‘তার নীতি পরিবর্তন করতে হবে’ বলে মন্তব্য করেন।

আরব দেশগুলোর কয়েকটির ক্ষেত্রে ইরানের ভূমিকার সমালোচনা করে ফাহমি বলেন, এ ক্ষেত্রে তেহরানের ভূমিকা ‘অত্যন্ত নেতিবাচক’।