ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের সরকার পরিচালনায় অক্ষম হয়ে পড়েছেন। তার দাবি, কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির, বেজালেল স্মোত্রিচ এবং অতি-রক্ষণশীল হারেদি গোষ্ঠীর চাপে নেতানিয়াহু কার্যত নিয়ন্ত্রিত হচ্ছেন।
সম্প্রতি পডকাস্ট উপস্থাপক মারিও নওফালের সাথে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন বেনেট।
তিনি বলেন, “নেতানিয়াহু নিজের সরকারই পরিচালনা করতে পারছেন না। বেন-গভির, স্মোত্রিচ এবং হারেদি গোষ্ঠীই তাকে নিয়ন্ত্রণ করছে।”
বর্তমানে ‘বেনেট ২০২৬’ দলের নেতৃত্ব দেয়া বেনেট বলেন, তিনি ক্ষমতায় থাকলে বেন-গভির ও স্মোত্রিচের মতো নেতাদের সরকারে জায়গা দিতেন না। তার ভাষায়, এ দুই মন্ত্রী প্রায়ই ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দেন। কোনো মন্ত্রী এমন মন্তব্য করলে তিনি তাৎক্ষণিকভাবে তাকে সতর্ক করতেন।
তবে নেতানিয়াহুর ক্ষেত্রে সেটি সম্ভব নয় বলে মন্তব্য করেন বেনেট। তিনি বলেন, সরকার টিকিয়ে রাখতে এসব মিত্র দলের ওপর নির্ভরশীল হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অবস্থানে নেই বর্তমান প্রধানমন্ত্রী।
ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার মতে, সরকারের কর্মকাণ্ড, মন্ত্রীদের বিতর্কিত মন্তব্য এবং কার্যকর জনকূটনীতির অভাবে বিশ্বে ইসরাইলের অবস্থান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।
বেনেট আরো বলেন, গাজা উপত্যকা, লেবানন এবং ইরানকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী সামরিক অভিযান ইসরাইলের প্রচলিত সামরিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব যুদ্ধ দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
তিনি বলেন, “এটি ইসরাইলের সামরিক নীতি নয়। দীর্ঘমেয়াদি যুদ্ধ রাষ্ট্রকে দুর্বল করে দিচ্ছে।”
এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে বিরোধী শিবিরে জোট গঠন করেছেন নাফতালি বেনেট ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। ‘টুগেদার’ নামে গঠিত এই জোট আগামী নির্বাচনে একযোগে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন বিরোধী নেতারা।
সূত্র: আল জাজিরা



