ইসরাইল ফের হামলা করলে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ইরান

যেকোনো মুহূর্তে আরেকটি যুদ্ধ শুরু হতে পারে বলে ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইরান-ইসরাইল
ইরান-ইসরাইল |সংগৃহীত

ইসরাইলি যেকোনো নতুন আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে ইরান। দু’দেশের মধ্যে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলেও ঘোষণা দিয়েছে দেশটি।

তেহরান থেকে এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ’র উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, ‘১২ দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল।’

আজিজ আরো বলেন, ‘আজ আমরা পূর্ববর্তী ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেক বেশি ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছি এবং যদি ইহুদিবাদী শত্রু (ইসরাইল) আবার হামলা শুরু করে, তাহলে আমরা নিঃসন্দেহে তাদের ওপর সেগুলো ব্যবহার করব।’

জুনের মাঝামাঝি সময়ে ইরানের বিরুদ্ধে ইসরাইল হামলা শুরু করলে, ইরান ইসরাইলকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের সামরিক স্থাপনা ও আবাসিক এলাকা উভয় স্থলেই আঘাত হানে ইসরাইল। ইসরাইলি হামলায় ইরানের সিনিয়র সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও আরো কয়েক শ’ মানুষ নিহত হয়।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে। ২৪ জুন থেকে ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

যেকোনো মুহূর্তে আরেকটি যুদ্ধ শুরু হতে পারে বলে ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন।

সূত্র : এএফপি/বাসস