ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর দিয়েছে।
ওদিকে তেহরানে খামেনির সদরদফতর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের বার্তাসংস্থা ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির সদরদফতর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদ যেখানে তার আশপাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা।
ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন এবং তার কোনো সমস্যা নেই।’
দেশটির মেহের এবং ইসনা নিউজ এজেন্সিও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনেছেন, তবে সেটি কি বিমান হামলার কারণে নাকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা হয়েছে তা নিশ্চিত নয়।
তেহরানের বিভিন্ন অংশ, বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
সূত্র : বিবিসি ও এএফপি



