ইরাক থেকে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাতে দেয়া হবে না

জাতীয় নিরাপত্তা রক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে কোনো অবস্থাতেই ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি।

নয়া দিগন্ত অনলাইন
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি |সংগৃহীত

জাতীয় নিরাপত্তা রক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে কোনো অবস্থাতেই ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলি আল-জাইদি।

মেহর নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করে এক বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বলেন, ‘ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্ব আমাদের জাতীয় মর্যাদার প্রতীক। কোনো পক্ষকেই আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে বা দেশের নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ দেয়া হবে না।’

আঞ্চলিক শান্তির বিষয়ে নিজের অবস্থানের কথা তুলে ধরে তিনি জানান, ইরাক যেমন নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি নিজেদের মাটি বা আকাশসীমাকে ব্যবহার করে কোনো প্রতিবেশী রাষ্ট্রের ওপর আঘাত হানার অনুমতিও দেবে না।

ইরাকের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে তার দেশ গঠনমূলক ভূমিকা পালন করছে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীন সিদ্ধান্ত ও অখণ্ডতা রক্ষায় ইরাকি সশস্ত্র বাহিনী এক অটল ও শক্তিশালী দুর্গ হিসেবে প্রস্তুত রয়েছে।

সূত্র: পার্সটুডে