পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর। একটি জাহাজ ‘অননুমোদিত রুট’ বা অবৈধ পথ ব্যবহার করায় সেটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডস বলেছে , ওই জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হলে সেটি থেমে যায়।
রেভল্যুশনারি গার্ডস আরো জানিয়েছে, এই ঘটনার পর বিদেশীদের অবৈধ হস্তক্ষেপের কারণে তৈরি হওয়া নিরাপত্তাহীনতার দরুন হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালীর ভেতর দিয়ে পারাপার হতে দেয়া হবে না।



