যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান : ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা

ট্রাম্প প্রশাসন বেশ কয়েকবার বলেছে যে যুদ্ধ বন্ধের একটি চুক্তি প্রায় চূড়ান্ত, কিন্তু প্রতিবারই ইরান সেই দাবিগুলোকে অস্বীকার করেছে বা গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র
যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র |ফাইল ছবি

মার্কিন ও ইরানি আলোচকরা ৬০ দিনের যুদ্ধবিরতি সম্প্রসারণ চুক্তির একটি কাঠামোতে সম্মত হয়েছেন। তবে এখন প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন।

আলজাজিরার খবরে প্রকাশ, সূত্রগুলো নিশ্চিত করেছে যে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং যুদ্ধ শেষ করার জন্য একটি চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করতে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সম্মত হয়েছে।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসিস জানিয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, একটি সমঝোতা স্মারক রয়েছে, এবং প্রেসিডেন্ট এখনো তাতে স্বাক্ষর করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি ৬০ দিনের যুদ্ধবিরতি। এর ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে। ইরান ৩০ দিনের মধ্যে সমস্ত মাইন অপসারণের প্রতিশ্রুতি দিয়েছে এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করবে। অপরদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং ইরানের সম্পদ অবমুক্তকরণ নিয়ে আলোচনা করবে।

একইসাথে মার্কিন নৌ অবরোধ তুলে নেয়া হবে এবং তারপর তারা সমৃদ্ধ ইউরেনিয়াম কীভাবে অপসারণ করা যায় তা নিয়ে আলোচনা করবে।

এদিকে, রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন বেশ কয়েকবার বলেছে যে যুদ্ধ বন্ধের একটি চুক্তি প্রায় চূড়ান্ত, কিন্তু প্রতিবারই ইরান সেই দাবিগুলোকে অস্বীকার করেছে বা গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে, ট্রাম্প তার নিজ দলের ইরানবিরোধী কট্টরপন্থীদের চাপের মুখে পড়েছেন, যারা তাকে এমন কোনো চুক্তি না করার জন্য অনুরোধ করেছেন, যা ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অবিলম্বে সমাধান করতে ব্যর্থ হয়।

সূত্র : আল জাজিরা, রয়টার্স