ইসরাইলের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান হামাসের

‘বিশ্বের সকল মুক্ত মানুষ’ যেন আগামী ২৫, ২৬ ও ২৭ জুলাই বিক্ষোভ মিছিল করে। এরপরও যদি ইসরাইল এই অপরাধ বন্ধ না করে, তাহলে অবরোধ না ভাঙা পর্যন্ত যেন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে।

নয়া দিগন্ত অনলাইন
হামাসের লোগো
হামাসের লোগো |সংগৃহীত

গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে সংগঠনটি এই আহ্বান জানায়।

আল জাজিরার খবরে ওই টেলিগ্রাম পোস্টের বরাতে বলা হয়েছে, ‘বিশ্বের সকল মুক্ত মানুষ’ যেন আগামী ২৫, ২৬ ও ২৭ জুলাই বিক্ষোভ মিছিল করে। এরপরও যদি ইসরাইল এই অপরাধ বন্ধ না করে, তাহলে অবরোধ না ভাঙা পর্যন্ত যেন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে। গাজার প্রতিটি শিশু, মা ও বয়স্কদের চেহারায় দুর্ভিক্ষের স্পষ্ট ছাপ দৃশ্যমান। আগামীর দিনগুলো যেন দখলদারদের কান্নার কারণ হয়। যারা এমন গণহত্যার মুখেও নীরব-নিশ্চুপ রয়েছে, তাদের জন্যও যেন হয় অপমানজনক।’

গাজার বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও নিষ্ক্রিয়তাকে সামনে এনে এই আহ্বান জানানো হয়েছে। মানবিক সহায়তার অভাব এবং অবরোধের কারণে সৃষ্ট চরম খাদ্যসঙ্কটে গাজার জনগণ মারাত্মক দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছে হামাস।

দলটি বলছে, এই অবস্থা বন্ধ করতে হলে আন্তর্জাতিক চাপে ইসরাইলি অবরোধ প্রত্যাহার করানো জরুরি।

সূত্র : আল জাজিরা