যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। একই সাথে তেহরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, “তারা (ইরান) একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই।”
ইরানের প্রস্তাবের কোন দিকগুলো তার কাছে গ্রহণযোগ্য নয়, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে ট্রাম্প ইঙ্গিত দেন, আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো নিয়ে ইরানের সক্ষমতা নিয়ে তার সন্দেহ রয়েছে।
তিনি বলেন, “তারা কিছু পদক্ষেপ নিয়েছে, তবে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।” এ সময় তিনি ইরানের নেতৃত্বে ‘গভীর মতপার্থক্য’ রয়েছে বলেও দাবি করেন।
ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ইরানের নেতৃত্ব ‘অসংগঠিত’ এবং সেখানে একাধিক উপদল সক্রিয়। তার ভাষায়, “তারা সবাই চুক্তি করতে চায়, কিন্তু সমন্বয়ের অভাবে বিষয়টি জটিল হয়ে পড়েছে।”
সূত্র: আল জাজিরা



