সিরিয়ায় একটি বাড়িতে বিস্ফোরণে তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশের আল-কাসাব গ্রামে এ ঘটনা ঘটে।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, নিহতরা হলেন এক পুরুষ, তার স্ত্রী ও তার ভাই। বিস্ফোরণে ওই দম্পতির চার সন্তানসহ আরো ছয়জন আহত হয়েছেন। হতাহতের এই সংখ্যাটি প্রাথমিক।
বিভাগটি বলেছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে, মাছ ধরার কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য বাড়িটির ভেতরে মজুত ছিল এবং এর ফলেই বিস্ফোরণ ঘটে।
বেসামরিক প্রতিরক্ষা দলগুলো আহতদের চিকিৎসা দিয়েছে বলে জানিয়েছে বিভাগটি।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



