ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করার সময়ে যৌথ অভিযানে দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসির পদাতিক বাহিনী। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য প্রকাশ করেছে।
আইআরজিসি পদাতিক বাহিনীর কুদস হেডকোয়ার্টার্সের বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা শনিবার (৫ সেপ্টেম্বর) জানায়, সন্ত্রাসী গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সম্পর্কিত ছিল। মার্কিন যুদ্ধের সাথে তাল মিলিয়ে তারা এই প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চেয়েছিল। তবে কোনো তৎপরতা চালানোর আগেই তাদের ওপর আক্রমণ চালানো হয়।
কুদস হেডকোয়ার্টার্স তাদের বিবৃতিতে আরও সতর্ক করে বলে, 'জায়নবাদী শাসনব্যবস্থা ও মার্কিন সন্ত্রাসী সরকারের দালালদের আমরা সতর্ক করছি যে, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জনগণের নিরাপত্তা আমাদের জন্য রেড লাইন। এই অঞ্চলে কোনো ভাড়াটে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বা চলাফেরা সহ্য করা হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'



