যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে নাকচ করে কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির খাদ্য পরিস্থিতি নিয়ে ট্রাম্পের করা মন্তব্যকে রীতিমতো উপহাস করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর জানিয়েছে।
সম্প্রতি সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আবারো দাবি করেন, ভবিষ্যতের যেকোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কৃষিপণ্য কিনবে।
ট্রাম্প বলেন, ইরানের খাবারের প্রয়োজন। তাদের ভুট্টা, গম ও সয়াবিন দরকার। আর আমাদের মার্কিন কৃষকেরাই একচেটিয়াভাবে সেসব সরবরাহ করবে।
তবে ইরান শুরু থেকেই ট্রাম্পের এই দাবি অস্বীকার করে আসছে।
ট্রাম্পের এই মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন গালিবাফ। মার্কিন প্রেসিডেন্টকে কঠোর সমালোচনা করে তিনি বলেন, ভাবুন তো, নিজের দেশের চার কোটিরও বেশি মানুষ যেখানে সরকারি খাদ্য সহায়তার (ফুড স্ট্যাম্প) ওপর বাঁচে, সেখানে অন্য দেশকে ক্ষুধার্ত বলা কত বড় ধৃষ্টতা!
তিনি আরো বলেন, এটা কোনো ঘোষণা নয়, এটা আসলে মার্কিনিদের নিজেদের ভেতরের রূপটাই বাইরে প্রকাশ করা। আপনাদের ‘স্ন্যাপ’ (খাদ্য সহায়তা কর্মসূচি) সংক্রান্ত পরামর্শ নিজেদের কাছেই রাখুন। ইরানের সম্পদ আর ইরানের সিদ্ধান্ত কী হবে, তা ইরানিরাই ঠিক করবে। তার চেয়ে বরং আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের অপুষ্টির হারের দিকে নজর দিন।


