যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে সংঘাতময় এই পরিস্থিতিতে সম্পূর্ণ বিপরীত এক ছবি দেখা যাচ্ছে অন্য একটি জ্বালানি খাতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের সুযোগে অপ্রত্যাশিত মুনাফা লুটে নিচ্ছে কয়লা খাত।
আল জাজিরা, বুধবার (১৯ আগস্ট) জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছু দেশ বাধ্য হয়ে জ্বালানির বিকল্প হিসেবে কয়লার দিকে ঝুঁকেছে। ফলে দক্ষিণ আফ্রিকার অন্যতম শীর্ষ থার্মাল কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান থুঙ্গেলা রিসোর্সেস তাদের অর্ধবার্ষিক মুনাফা দ্বিগুণেরও বেশি বৃদ্ধির কথা নিশ্চিত করেছে। জ্বালানি বাজারের এই আকস্মিক পরিবর্তনে প্রতিষ্ঠানটির আয় লাফিয়ে বেড়েছে।
প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও কয়লাকে সবচেয়ে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি হিসেবে গণ্য করা হয়। কয়লা উত্তোলন প্রক্রিয়ায় পানি দূষিত হয় এবং এটি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন নির্গত হয়। এই ক্ষতিকর গ্যাস বিশ্বজুড়ে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনকে আরো ত্বরান্বিত করছে। তা সত্ত্বেও বর্তমান সংকটময় পরিস্থিতিতে অনেক দেশ বাধ্য হয়ে বিশ্ব পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলা এই জ্বালানির দিকেই হাত বাড়াচ্ছে।



