যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপার নিয়ে অনিশ্চয়তার কারণে টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বুধবার জ্বালানি তেলের দাম বাড়তে থাকে।
আল জাজিরা বুধবার (১৯ আগস্ট) জানায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহের দাম ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। জিএমটি সময় রাত ১২টা ৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৪ মিনিটে) এ দর পাওয়া যায়।
এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩১ ডলারে লেনদেন হচ্ছিল।
মঙ্গলবারের লেনদেন শেষে তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কমে আসায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সাথে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্যও বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে।
ফলে বাজারের বিনিয়োগকারীরা দুই দেশের বক্তব্য ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।



