ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার (৫ জুন) অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় তেল রুমেইদা এলাকায় ইসরাইলি সেনাবাহিনী একটি পরিবারের গাড়িতে গুলি চালায়। এতে স্যাম আবু হাইকাল নামে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত এবং তার মা-বাবা আহত হন।
মন্ত্রণালয় আরো জানায়, ইসরাইলি সেনাবাহিনী স্যামকে হত্যা করেছে। মধ্য হেবরনের তেল রুমেইদা এলাকায় শিশুটির দাদির বাড়ি। সে দিকে যাওয়ার পথেই এ ঘটনা ঘটে।
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযান, গ্রেফতার ও বসতি সম্প্রসারণ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



