উপসাগরীয় আকাশপথে উড়োজাহাজ চলাচলে সতর্কতা ইউরোপীয় সংস্থার

ইএএসএ এক বিবৃতিতে বলেছে, “অপ্রত্যাশিত সামরিক পরিস্থিতি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাব্য ব্যবহার সংশ্লিষ্ট আকাশসীমার সব উচ্চতায় বেসামরিক বিমান চলাচলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।”

নয়া দিগন্ত অনলাইন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার না করতে ইউরোপীয় এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি—ইএএসএ)।

সংস্থাটি জানিয়েছে, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান উপসাগরসংলগ্ন আকাশপথে বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনায় উচ্চ ঝুঁকি রয়েছে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলতে এয়ারলাইনসগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।

ইএএসএ এক বিবৃতিতে বলেছে, “অপ্রত্যাশিত সামরিক পরিস্থিতি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাব্য ব্যবহার সংশ্লিষ্ট আকাশসীমার সব উচ্চতায় বেসামরিক বিমান চলাচলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।”

সংস্থাটির মতে, সামরিক সঙ্ঘাত দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কা থাকায় বাণিজ্যিক উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এর আগে গত সপ্তাহেও ইএএসএ ইরান, ইরাক ও লেবাননের আকাশসীমায় উড়োজাহাজ পরিচালনা থেকে বিরত থাকতে ইউরোপীয় এয়ারলাইনসগুলোর প্রতি পরামর্শ দিয়েছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে অনেক আন্তর্জাতিক এয়ারলাইনস ইতোমধ্যে বিকল্প রুট ব্যবহার শুরু করেছে, যা যাত্রাসময় ও পরিচালন ব্যয় উভয়ই বাড়িয়ে দিতে পারে।

সূত্র: আল জাজিরা