যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান অস্বীকার করলেও তেহরানের সাথে আলোচনা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শিরশ্ছেদের আগে’ এটিই ইরানের জন্য শেষ সুযোগ।
সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে তিনি ইরানের সাথে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা চলছে না। তবে ট্রাম্প এ দাবি নাকচ করে বলেন, ‘আমরা এই মুহূর্তে আলোচনা চালিয়ে যাচ্ছি। এটি তাদের জন্য একটি ভালো নথিতে স্বাক্ষর করার শেষ সুযোগ। শিরশ্ছেদের আগে আমি তাদের শেষ পর্যন্ত প্রতিটি সুযোগ দিতে চাই।’
তিনি বলেন, আলোচনার মূল বিষয় হচ্ছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। এটি ‘আক্ষরিক অর্থে আগামীকালই’ হতে পারে। পাশাপাশি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও আলোচনা হচ্ছে, যা ‘কিছুটা সময় নিতে পারে’।
সূত্র : বাসস



