তেহরানে ‘সরকারি লক্ষ্যবস্তুতে’ ইসরাইলি হামলা

ইসরাইল তেহরানে ইরানি সরকারের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এর কিছুক্ষণ আগেই লেবাননের রাজধানী বৈরুতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথাও জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
তেহরানে ‘সরকারি লক্ষ্যবস্তুতে’ ইসরাইলি হামলা
তেহরানে ‘সরকারি লক্ষ্যবস্তুতে’ ইসরাইলি হামলা |সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ‘সরকারি লক্ষ্যবস্তুতে’ শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ইসরাইলের ওপর ইরানের কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। এরপর থেকে তেহরানে প্রায় প্রতিদিন বোমাবর্ষণ করা হচ্ছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।

এর জবাবে ইসরাইল, উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান।

আজ শনিবার ইসরাইলি সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, তারা তেহরানে ইরানি সরকারের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এর কিছুক্ষণ আগেই লেবাননের রাজধানী বৈরুতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথাও জানানো হয়।

তবে তেহরানে এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইসরাইলি বাহিনী আরো জানায়, গত ছয় ঘণ্টার মধ্যে অন্তত তিনবার ইরান থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

দেশটির হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী, ইসরাইলের বড় একটি অংশজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগের এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তেহরানে সাম্প্রতিক হামলাগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে।

সূত্র : বাসস