ইসরাইলি হামলায় কাতারের রাজধানী দোহায় ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন- হামাস। তবে তারা দাবি করেছে, তাদের আলোচক দল অক্ষত রয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস মঙ্গলবার জানিয়েছে, যারা নিহত হয়েছে, তাদের মধ্যে প্রধান আলোচকের ছেলে খলিল আল হায়া রয়েছে। নিহত ছয়জনের মধ্যে কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও রয়েছে।
হামাস সূত্র জানিয়েছে, হামলার সময় হামাসের কর্মকর্তারা মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন।
তারা আরো জানিয়েছে, তাদের যে নেতারা দোহায় ইসরাইলের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
ইসরাইলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে আইডিএফ ও আইএসএ ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে।
তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
সূত্র : বিবিসি



