সৌদি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হাউছি গোষ্ঠীর

ইয়েমেনের হাউছি গোষ্ঠী মঙ্গলবার (২৮ জুলাই) দাবি করেছে যে, তারা সৌদি তেল ট্যাঙ্কার এনসিসি গাজালকে লক্ষ্যবস্তু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ক্ষেপণাস্ত্র হামলা
ক্ষেপণাস্ত্র হামলা |প্রতীকী ছবি

ইয়েমেনের হাউছি গোষ্ঠী মঙ্গলবার (২৮ জুলাই) দাবি করেছে যে, তারা সৌদি তেল ট্যাঙ্কার এনসিসি গাজালকে লক্ষ্যবস্তু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়েছে।

হাউছির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছেন, ট্যাঙ্কারটি সৌদি-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর তাদের গোষ্ঠীর আরোপিত সামুদ্রিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল।

তিনি দাবি করেন, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ার আগে জাহাজটি বারবার দেয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

তবে হামলাটি কোথায় হয়েছে, তা তিনি জানাননি।

সারির মতে, এই হামলার ফলে ট্যাঙ্কারটি তার গতিপথ পরিবর্তন করে যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে যেতে বাধ্য হয়।

সৌদি কর্তৃপক্ষ বা জাহাজটির পরিচালনাকারীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি