প্রতিবেশী দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে : ইরান

ইরানের ১৪ দফা প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এ প্রস্তাব থেকে ইতিবাচক ফলাফল আসবে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা নিরসনে নতুন করে সংশোধিত প্রস্তাব দিয়েছে ইরান । দেশটির সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান নতুন প্রস্তাবে ১৪টি শর্ত দিয়েছে। যেগুলোর কিছু কিছু এখন প্রকাশ পাচ্ছে। এরমধ্যে অন্যতম একটি হলো ইরানের আশপাশে থাকা দেশগুলো থেকে মার্কিন সেনাদের সরে যেতে হবে।

ইরানের ১৪ দফা প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এ প্রস্তাব থেকে ইতিবাচক ফলাফল আসবে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি পাঠানো হয়েছে। এতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বার্তাসংস্থাটি আরো জানায়, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান মনে করে, এসব ইস্যু ৩০ দিনের মধ্যে সমাধান করা সম্ভব। পাশাপাশি, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে স্থায়ীভাবে সংঘাত বন্ধের ওপর জোর দিয়েছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব দেয়। এতে যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি ইরানের আশপাশের দেশগুলো থেকে সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

এছাড়া, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি এলাকায় নতুন নিরাপত্তা ব্যবস্থা চালুর আহ্বানও জানানো হয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, “আমাদের নতুন প্রস্তাবের লক্ষ্য যুদ্ধ বন্ধ করা। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে—তারা কূটনৈতিক পথে এগোবে, নাকি সহিংসতার পথ বেছে নেবে।”

সূত্র: তাসনিম নিউজ