ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে পৃথক ঘটনায় জাতিসংঘের তিনজন শান্তিরক্ষী সেনা নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) তারা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি সামরিক বাহিনী টেলিগ্রামে এক পোস্টে জানায়, এই ঘটনাগুলোর পরিস্থিতি স্পষ্ট করতে এবং এগুলো হিজবুল্লাহর কার্যকলাপের ফলে ঘটেছে নাকি আইডিএফের কার্যকলাপের ফলে ঘটেছে তা নির্ধারণ করার জন্য ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে।
তারা আরো বলেছে, ঘটনাগুলো এমন একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে ঘটেছে যেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ইসরাইল। তাই এটি অনুমান করা ঠিক হবে না যে শান্তিরক্ষা সেনাদের মৃত্যু আইডিএফ-এর কারণে হয়েছে।
জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা মিশন (ইউনিফিল)-এর উল্লেখ করে এতে বলা হয়েছে, অতএব, এটা ধরে নেয়া উচিত নয় যে, ইউনিফিল সৈন্যদের আহত হওয়ার ঘটনাগুলো আইডিএফ ঘটিয়েছে।
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) জানিয়েছে, গতকাল সোমবার এক বিস্ফোরণে তাদের দু’জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং গত রোববার গভীর রাতে তাদের অবস্থানে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে আরো একজন নিহত হয়েছে।
সূত্র বাসস



