ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইসরাইলিদের আতঙ্কিত করতেই নেতানিয়াহু এই মিথ্যাচার করেছেন বলে অভিযোগ তুলেছেন ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট।
বুধবার (১ জুলাই) আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরাইলে আয়োজিত এক সম্মেলনে আইজেনকোট এই মন্তব্য করেন। বিরোধী দল ইয়াশার পার্টির এই প্রধান বলেন, ‘নেতানিয়াহু অত্যন্ত জঘন্য কথা বলেছেন। ইরানের কাছে কোনো পরমাণু বোমা ছিলই না। ইসরাইলি জনগণকে ভয় দেখাতে তিনি বাস্তবতাকে বিকৃত করছেন।’
মঙ্গলবার ইসরাইলের চ্যানেল ১৪-কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের হাতে ইতোমধ্যে চলে আসা পরমাণু বোমার ধ্বংসযজ্ঞ থেকে আমাদের বাঁচাতে আমি দুবার দেশটিতে প্রবেশ করেছিলাম।’ নেতানিয়াহুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সাবেক সেনাপ্রধান এমন কড়া প্রতিক্রিয়া জানালেন।
উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরেই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে। তাদের দাবি, দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।



