ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি মানবিক ত্রাণ সরবরাহের লক্ষ্যে ইসরাইলের সাথে চুক্তিতে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ও ফরাসি বার্তাসংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে বাসস।
চলমান অবরোধে গাজায় ভয়াবহ খাদ্য ও ওষুধের সংকট দেখা দেয়ায় ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ ব্যাপকভাবে বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ২ মার্চ থেকে তেল আবিবের জারি করা পূর্ণ অবরোধের ফলে অঞ্চলটিতে মানবিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়েছে।
এদিকে ইসরাইল জানিয়েছে, মঙ্গলবার তারা ৯৩টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে। তবে জাতিসঙ্ঘের তথ্যমতে, ওই ত্রাণ মূলত আটকে আছে এবং এখনো বিতরণ শুরু হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ এবং ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআরের মধ্যে ফোনালাপের মাধ্যমে এ সমঝোতায় পৌঁছানো হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা ডব্লিউএএম।
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ ত্রাণ উদ্যোগে প্রাথমিক পর্যায়ে গাজার প্রায় ১৫ হাজার বাসিন্দার খাদ্য চাহিদা পূরণ করবে।’
এছাড়াও গাজা উপত্যকায় অবস্থিত বেকারিগুলোর জন্য প্রয়োজনীয় মালামাল এবং শিশুদের যত্নে জরুরি সহায়তা সামগ্রী সরবরাহ করা হবে। পাশপাশি নাগরিকদের নিয়মিত চাহিদা পূরণের জন্য নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে আরব আমিরাত।
এর আগে চলতি সপ্তাহেই গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়ার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার।



