লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছে ইরান

লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের একটি স্পষ্ট সময়সীমা নির্ধারণ করতে মার্কিন প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে ইরান।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া যুদ্ধ সমাপ্তি চুক্তি অনুযায়ী, লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের একটি স্পষ্ট সময়সীমা নির্ধারণ করতে মার্কিন প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার (২৮ জুন) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির স্থায়িত্ব এবং এই অঞ্চলে শান্তি ফেরানোর মূল শর্তই হলো লেবাননে ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করা এবং সেখান থেকে দখলদারদের পুরোপুরি হটিয়ে দেয়া। লেবাননের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা যেকোনো টেকসই চুক্তির জন্য অপরিহার্য।

ইরান স্পষ্ট করে বলেছে, গত এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি এবং ১৮ জুনের সমঝোতা স্মারকে তারা দু’টি বিষয়কে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে—এক, ইরানের বিরুদ্ধে বৈরিতা বন্ধ করা এবং দুই, লেবাননে ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসনের অবসান ঘটানো।

এদিকে গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইল যে নতুন করে আগ্রাসন শুরু করেছে, তাতে এ পর্যন্ত কমপক্ষে চার হাজার ২৪৬ জন নিহত এবং ১২ হাজার ১৯০ জন আহত হয়েছেন।

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে তাদের পাল্টা প্রতিরোধ লড়াই জারি রেখেছে। অন্যদিকে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে তারা দক্ষিণ লেবাননে স্থায়ী দখলের প্রস্তুতি নিচ্ছে।

এমন পরিস্থিতিতে ইসমাইল বাঘাই মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে বলেন, ১৮ জুনের সমঝোতা স্মারকের প্রথম শর্ত অনুযায়ী ওয়াশিংটনের দায়িত্ব হলো ইসরাইলকে লেবাননের সব অঞ্চলে হামলা চালানো থেকে বিরত থাকতে বাধ্য করা।

জাতিসঙ্ঘ সনদ এবং আন্তর্জাতিক আইন মেনেই ইরান এই দাবি জানিয়েছে। লেবানন ও ইসরাইলের মধ্যে ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় যে ১৪ দফার চুক্তি সই হয়েছে, তা সফল করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরাইলি সেনা প্রত্যাহারের একটি দ্রুত ও সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে।

সূত্র: প্রেসটিভি, এক্সপ্রেস ট্রিবিউন