মার্কিন চাপে খামেনির জানাজায় অংশ নিচ্ছে না ১৩ দেশ

মার্কিন চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার কয়েকটি দেশসহ কমপক্ষে ১৩টি দেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি |সংগৃহীত

মার্কিন চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার কয়েকটি দেশসহ কমপক্ষে ১৩টি দেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে, কয়েকটি দেশের সরকার পরে কূটনৈতিক মাধ্যমে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ দিন ধরে বিদেশী প্রতিনিধিদলগুলোকে তেহরানে অনুষ্ঠিত জানাজা ও দাফন প্রক্রিয়ায় অংশ নিতে নিরুৎসাহিত করার জন্য ‘ব্যাপক প্রচার’ চালিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

প্রতিবেদন আরো বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২৬ জুন একটি গোপন নির্দেশনা জারি করেন। এতে মার্কিন দূতাবাস এবং কূটনৈতিক মিশনগুলোকে আয়োজক সরকারগুলোকে জানাতে বলা হয় যে, জানাজায় অংশগ্রহণকে একটি ‘অবন্ধুসুলভ কাজ’ হিসেবে গণ্য করা হবে, যা ওয়াশিংটনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ‘নেতিবাচক পরিণতি’ বয়ে আনবে।

নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন আরব কূটনীতিকের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে যে, রুবিও ব্যক্তিগতভাবে কমপক্ষে পাঁচটি আরব দেশের কূটনীতিকদের কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করেছেন যে, এই অনুষ্ঠানে অংশ নিলে মার্কিন সহায়তা ঝুঁকির মুখে পড়তে পারে।

সূত্র: মিডল ইস্ট আই