ইসরাইলি আগ্রাসন ঠেকাতে মধ্যপ্রাচ্যে সামরিক জোট হলে অংশ নেবে পাকিস্তানও

গাজায় হস্তক্ষেপ করতে জাতিসঙ্ঘের বাইরে কোনো ঐক্যবদ্ধ সংস্থা গঠনের প্রস্তাবনা এলে তাতে অংশগ্রহণ করবে পাকিস্তান।

নয়া দিগন্ত অনলাইন
ইসহাক দার
ইসহাক দার |সংগৃহীত

গাজায় হস্তক্ষেপ করতে জাতিসঙ্ঘের বাইরে কোনো ঐক্যবদ্ধ সংস্থা গঠনের প্রস্তাবনা এলে তাতে অংশগ্রহণ করবে পাকিস্তান। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তিনি বলেন, সম্প্রতি আরব দেশগুলো ও আরব লীগের আলোচনায় একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠনের কথা উঠে এসেছে। নিজেদের সক্ষমতা ও শক্তি অনুযায়ী এমন একটি বাহিনী থাকা অবশ্যই উচিৎ। এই বাহিনী কোনো দেশের উপর আক্রমণ করার জন্য নয়। বরং নিজেদের স্থিতিশীলতা ও আঞ্চলিক শান্তির জন্যই এমনটি করা উচিৎ। এমনিভাবে আগ্রাসী ও দখলদার শক্তিকে থামাতেও এমন পদক্ষেপ প্রয়োজন।

যদি এমন যৌথ বাহিনী গঠন করা হয়, তাহলে তাতে পাকিস্তান অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে দার বলেন, ‘পাকিস্তানের খুবই বড় ও কার্যকর সশস্ত্র বাহিনী রয়েছে। ইতোমধ্যে তারা প্রচলিত যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।’

কাতারে ইসরাইলের সাম্প্রতিক হামলার পর আরব-ইসলামি সম্মেলনের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ওই সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছিল। তখন আল জাজিরার উপস্থাপক ওসামা বিন জাভেদ দারের কাছে জানতে চান, গাজায় হস্তক্ষেপ করতে জাতিসঙ্ঘের বাইরে কোনো ঐক্যবদ্ধ সংস্থা গঠনের পরিকল্পনা আছে কি না? এই প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

সূত্র : আল জাজিরা