গাজায় ত্রাণ বিতরণ পরিদর্শন করবেন মার্কিন বিশেষ দূত

তারা ত্রাণ বিতরণের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের বাসিন্দাদের সাথে দেখা করবেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আজ শুক্রবার ত্রাণ বিতরণের পরিস্থিতি দেখতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে তার আগে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করেছেন।

জেরুসালেম থেকে এএফপি জানিয়েছে, গাজায় ভয়াবহ খাদ্য সংকট চলার কারণে যুদ্ধবিরতির জন্য ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।

এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, উইটকফ শুক্রবার গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। সেখানে আরো খাবার পৌঁছানোর ব্যবস্থা করবেন। এর পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলবেন এবং সেখানকার মানবিক পরিস্থিতি কতটা ভয়াবহ তা জানার চেষ্টা করবেন।

উইটকফ চলতি বছরের জানুয়ারিতেও একবার গাজা সফর করেছিলেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে যুদ্ধবিরতি ও পণবন্দী বিনিময়ের বিষয়ে যে আলোচনা চলছে, উইটকফ সেখানে যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।

সূত্র : বাসস