ইসরাইলি হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা ‘অর্থহীন’ বলে জানিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইসরাইল এই আক্রমণ করতে পারে না। সেজন্য অবশ্যই ইরানের উপর এই বর্বর হামলায় মার্কিন সমর্থন রয়েছে। তাদের এই দ্বিচারিতা পারমাণবিক আলোচনাকে অর্থহীন করে তুলেছে।
তিনি আরো বলেন, সম্প্রতি তেহরানের সাথে ওয়াশিংটনের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য যেসব আলোচনা হয়েছে, সেগুলো ইতোমধ্যে অর্থহীন হয়ে গেছে।
ইরানের এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার ভান করছে, অন্যদিকে ইহুদিবাদি সরকারকে ইরানের উপর হামলা চালানোর অনুমতি দিচ্ছে। এই দ্বিচারিতার সুযোগ নেই। এটি হতে পারে না।
উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এতে তেহরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসি’র প্রধানসহ ২০ জন কমান্ডার, ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৮১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন শতাধিক।
এর জবাবে ইসরাইলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ইসরাইলে এক নারী নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে।
সূত্র : আল জাজিরা



