দক্ষিণ গাজার খান ইউনিস থেকে হামাসের সাবেক কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারের লাশ উদ্ধারের দাবি করেছে ইসরাইল।
রোববার (১৮ মে) ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএন এই তথ্য নিশ্চিত করে।
সূত্রটি জানিয়েছে, খান ইউনিসের একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে মোহাম্মদ সিনওয়ার ও তার দশ সহযোগীর লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছিল, খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের কাছে ইসরাইলি বিমান হামলায় সিনওয়ারসহ কয়েকজন হামাস কমান্ডার নিহত হন।
তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ২০২৪ সালের ১৬ অক্টোবর দক্ষিণ গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হাতে নিহত হন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের লাগাতার হামলায় ৫৩ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
গণহত্যার অভিযোগে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি।
সূত্র : আনাদোলু এজেন্সি



