মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বুধবার রাতেই আবারো কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। একই সাথে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করা সমঝোতা কার্যত ‘শেষ’ হয়ে গেছে।
বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দ্বিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প বলেন, “আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি।” তিনি অভিযোগ করেন, ইরান প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে এবং আলোচনার মাধ্যমে হওয়া সমঝোতা মেনে চলছে না।
এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করা সমঝোতা এখন আর কার্যকর নেই। তার এ বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।
তবে যুক্তরাষ্ট্র ইরানের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে কি না কিংবা প্রাথমিক যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে নতুন করে আলোচনা হবে কি না—সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কোনো মন্তব্য করেননি।
এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। ট্রাম্প বলেন, “আমাদের চুক্তির অধীনে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে আমাদের মধ্যে কোনো চুক্তি হবে কি না, তা আমি জানি না। আমরা চুক্তি ছাড়াও এটি করতে পারি। সত্যি বলতে, সেটিই আরও সহজ। কারণ এসব মানুষ শুধু মিথ্যা বলে এবং প্রতারণা করে।”
সূত্র: রয়টার্স



