লন্ডনে এক ইরানি সাংবাদিকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় ইরানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানায়, ব্রিটিশ কর্মকর্তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বারবার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করায় তেহরানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে ইরানি জাতির প্রতি ব্রিটিশ সরকারের অনুচিত আচরণের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
গত সপ্তাহে ২০২৪ সালে লন্ডনে নিজ বাড়ির বাইরে এক ইরানি সাংবাদিকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় দোষী সাব্যস্ত দুই রোমানিয়ার নাগরিককে যথাক্রমে ১২ বছর ও ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। আদালতের মতে, তারা ইরানের পক্ষে ওই হামলা চালিয়েছিল।
সাজা ঘোষণার সময় বিচারক বলেন, ফারসি ভাষার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের সংবাদ উপস্থাপক পুরিয়া জেরাতির ওপর হামলাটি ইরান সরকারের পক্ষে চালানো হয়েছিল বলে অত্যন্ত জোরালো প্রমাণ পাওয়া গেছে।
রায় ঘোষণার পর যুক্তরাজ্যের নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল বলেন, এই ‘জঘন্য হামলা’ ইরানের পক্ষ থেকেই চালানো হয়েছিল।
তিনি আরো বলেন, ‘আমরা এই শাসনব্যবস্থাকে জবাবদিহির আওতায় আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’
ইরান ব্রিটিশ রাষ্ট্রদূতকে জানিয়েছে, ‘সন্ত্রাসী চ্যানেলগুলোকে যুক্তরাজ্যে আশ্রয় দেয়া অব্যাহত রাখা হচ্ছে। এসব চ্যানেল বর্ণবাদী ও ভুয়া ইসরাইলি শাসনব্যবস্থার অর্থায়ন ও পরিচালনায় চলছে এবং সহিংসতা ও সন্ত্রাসবাদে উসকানি দেয়ায় তাদেরই প্রধান ভূমিকা রয়েছে।’
ইরানের দাবি, এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসবাদে সহায়তা না করার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে। তাই এটি যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।
সূত্র: বাসস



