ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে মঙ্গলবার (১৪ জুলাই) ইসরাইলি হামলায় পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, জাবালিয়ার আল-ফালুজা এলাকায় একটি স্কুলের কাছে ইসরাইলি হামলার পর এক নারীসহ সাতজন ফিলিস্তিনির লাশ আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্স এবং আমেরিকান ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এক বিবৃতিতে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকার একটি পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরের পুলিশ স্টেশনের পরিচালকসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি গোলাবর্ষণে আরো দুই ফিলিস্তিনি নিহত হন। এদিকে, মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আরেকটি হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।
এছাড়াও দক্ষিণ গাজার রাফাহর আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক শিশু নিহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত ইসরাইলি হামলায় এক হাজার ১০৮ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৫৭৮ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এক মারাত্মক অভিযানে ইসরাইলি সেনাবাহিনী ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। এই অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যা প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



