লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল। গত বুধবার তাকে হত্যা করা হয়েছে বলে ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। লেবাননে ইসরাইলের ব্যাপক হামলার মধ্যে ওই নেতাকে হত্যার দাবি করা হলো।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের হাজির এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যা করেছে ইসরাইলের বিমানবাহিনী।
মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে গত ২ মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশ এবং দেজফুল শহরে বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইসরাইলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত অস্ত্রের সংরক্ষণাগার ও উৎক্ষেপণ-সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করছে।
তথ্যসূত্র: সিএনএন



