হরমুজ নিয়ে আরাগচি-জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আরাগচি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বন্ধ করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল |সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল ফোনে হরমুজ প্রণালি এবং সংঘাত বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

আরাগচি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বন্ধ করতে হবে। বিশেষ করে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বন্ধ করা জরুরি।

তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে নিরাপত্তা ও অর্থনীতিতে যে ক্ষতি হচ্ছে, তার জন্য ওয়াশিংটনকে জবাবদিহির আওতায় আনতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।

অন্যদিকে ভাডেফুল বলেন, সংঘাতের অবসান ঘটাতে প্রতিবেশী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের সাথে গঠনমূলক আলোচনায় বসার প্রয়োজনীয়তার ওপর তিনি আরাকচির কাছে জোর দিয়েছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সবার নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালি খুলে দিতে হবে।