উত্তর গাজায় নতুন উচ্ছেদ নির্দেশ ইসরাইলি সেনাবাহিনীর

এর মধ্য দিয়ে ইসরাইল গাজা উপত্যকার স্থায়ী দখলের দিকে আরো একধাপ এগিয়ে গেল।

নয়া দিগন্ত অনলাইন
উত্তর গাজার একটি চিত্র
উত্তর গাজার একটি চিত্র |আনাদোলু

ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার উত্তর গাজার বেশ কয়েকটি এলাকার ফিলিস্তিনিদের বাড়িঘর ছেড়ে পশ্চিম দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর মধ্য দিয়ে ইসরাইল গাজা উপত্যকার স্থায়ী দখলের দিকে আরো একধাপ এগিয়ে গেল।

ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে আল-আতাত্রা, জাবালিয়া, শুজাইয়া, দারাজ এবং জেইতুন এলাকাগুলোকে ‘উচ্ছেদ অঞ্চল’ হিসেবে দেখানো হয়েছে। তিনি বলেন, এই এলাকাগুলোতে সামরিক অভিযান তীব্রতর হবে। তাই এখানকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা ‘অপারেশন গিডিয়নের রথ’ নামে একটি স্থল অভিযানে অংশ নিচ্ছে, যা গাজার স্থায়ী দখলের ইঙ্গিত বহন করে। এই অভিযানের লক্ষ্য হিসেবে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ আরো বিস্তৃত ও মজবুত করার পরিকল্পনা করা হয়েছে।

ইসরাইলি সামরিক পরিকল্পনার অংশ হিসেবে উত্তর গাজার ফিলিস্তিনিদের দক্ষিণাঞ্চলের তথাকথিত ‘সংগ্রহ শিবিরে’ স্থানান্তরিত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে ইসরাইলি সেনাবাহিনী আগামী দুই মাসের মধ্যে গাজার প্রায় ৭৫ শতাংশ এলাকা দখলে নেয়ার পরিকল্পনা করছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পদক্ষেপ গাজার মানবিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেবে।

সূত্র : আনাদোলু এজেন্সি