যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল লেবানন ও ইসরাইল

ওয়াশিংটনে দুই দিনের আলোচনার পর ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লেবানন ও ইসরাইল।

নয়া দিগন্ত অনলাইন
লেবানন ও ইসরাইলের পতাকা
লেবানন ও ইসরাইলের পতাকা |সংগৃহীত

ওয়াশিংটনে দুই দিনের আলোচনার পর ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লেবানন ও ইসরাইল।

লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বৈরুত বলেছে, এই যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের ওপর চাপ কমাতে এবং স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করতে পারে। একই সাথে তারা একটি স্বাধীন পর্যবেক্ষণ ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে দৃঢ় নিশ্চয়তার আহ্বান জানিয়েছে।

লেবাননের প্রতিনিধিদল বলেছে, ‘যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা আমাদের নাগরিকদের জন্য অত্যন্ত স্বস্তির সুযোগ করে দেবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে এবং দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার দিকে একটি রাজনৈতিক পথকে এগিয়ে নিয়ে যাবে।’

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এই আলোচনাকে ‘খোলামেলা ও গঠনমূলক’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘উত্থান-পতন থাকবে, কিন্তু সাফল্যের সম্ভাবনা অনেক। পুরো আলোচনা জুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আমাদের নাগরিক ও সেনাদের নিরাপত্তা।’

সূত্র: মিডল ইস্ট আই