ব্যাংককে বারে আগুন, নারীসহ ২৭ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বারে ভয়াবহ আগুনে নারীসহ কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৬০ জন।

নয়া দিগন্ত অনলাইন
আগুন লেগে বারের আসবাবপত্র পুড়ে গেছে
আগুন লেগে বারের আসবাবপত্র পুড়ে গেছে |সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বারে ভয়াবহ আগুনে নারীসহ কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৬০ জন।

রোববার (১২ জুলাই) দিবাগত রাতে ব্যাংককের চাতুচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মধ্যরাতের কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিওতে দেখা যায়, বারটির সামনে দিয়ে দাউদাউ করে আগুন বের হচ্ছে। আতঙ্কে মানুষ দৌড়ে বেরিয়ে আসছেন, তাদের মধ্যে কেউ কেউ চিৎকার করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বারের মঞ্চের কাছে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিনির্বাপক কর্মীরা প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল বলে জানা গেছে। এ দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে নয়জন পুরুষ এবং ১৮ জন নারী। আহত ৬০ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে আটজন গুরুতর আহত।

প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। চার বছর আগে ব্যাংককের দক্ষিণের একটি শহরে বারে আগুন লেগে ২২ জনের মৃত্যু হয়। এছাড়াও ২০০৯ সালে রাজধানীর একটি নাইটক্লাবে আগুন লেগে ৬৬ জন মারা যান।

সূত্র: বিবিসি