লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী রোববার (২৯ মার্চ) জানিয়েছে, তারা ২ মার্চ থেকে ইসরাইলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এক হাজার ১০০টি সামরিক অভিযান চালিয়েছে।
দেশটির সামরিক গণমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ইসরাইলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে ‘লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায়’ এই অভিযানগুলো চালানো হয়েছে।
গত ২ মার্চ হিজবুল্লাহর সীমান্ত অতিক্রম করে চালানো এক হামলার পর থেকে ইসরাইল লেবাননে বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে এক হাজার ২২৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন হাজার ৫৪৩ জন।
২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আক্রমণে এক হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার মধ্যেই এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
ইরান এর প্রতিশোধ হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



