দক্ষিণ কোরিয়ায় ১২০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, নিহত ৩

আবহাওয়া সংস্থার একজন কর্মকর্তা এএফপিকে বলেন, পশ্চিম সিওসান অঞ্চলে প্রতি ঘন্টায় ১১৪.৯ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ১৯০৪ সালের পর থেকে এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের হার।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টিপাতের পর কমপক্ষে তিনজন নিহত এবং এক হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দেশটির একটি অঞ্চলে প্রতি ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে।

দক্ষিণ কোরিয়ায় সাধারণত জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাত হয়। তবে সরকারী আবহাওয়ার তথ্য অনুসারে, এই সপ্তাহে দেশটির দক্ষিণ চুংচিয়ং প্রদেশের তিনটি এলাকায় প্রতি ঘণ্টায় রেকর্ড ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। প্রদেশটিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের কারণে চুংচিয়ং প্রদেশে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এক হাজারও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

আবহাওয়া সংস্থার একজন কর্মকর্তা এএফপিকে বলেন, পশ্চিম সিওসান অঞ্চলে প্রতি ঘন্টায় ১১৪.৯ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এটি সাধারণত ১০০ বছরে একবার দেখা যায়। তিনি আরো বলেন, ১৯০৪ সালের পর থেকে এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের হার।

অপরদিকে জাতীয় আবহাওয়া সংস্থা এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ পর্যন্ত সিওসানে প্রায় ৪৪০ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা অঞ্চলের গড় বার্ষিক বৃষ্টিপাতের ৩৫ শতাংশের সমান।

সূত্র : এএফপি