কাঠমান্ডুতে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন সমাপ্ত

৩০ দেশের অংশগ্রহণে কাঠমান্ডুতে চার দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন শেষ হয়েছে; জোর তাগিদ মাতৃভাষার প্রসারে।

নয়া দিগন্ত অনলাইন
নেপালে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬
নেপালে তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬ |সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ শেষ হয়েছে।

বিশ্বের ৩০ দেশের সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ)। সম্মেলনে সার্বিক সহযোগিতা করেছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)।

ঢাকায় প্রাপ্ত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত এই সম্মেলনে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের আট সদস্যের প্রতিনিধিদলসহ বিশ্বের ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা অংশগ্রহণ করেন।

চার দিনব্যাপী সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বিকাশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, গণমাধ্যমে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং মাতৃভাষায় সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে অংশগ্রহণকারী সাংবাদিক ও গবেষকরা মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার প্রসার এবং বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র : বাসস